মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সময় এ দৃশ্য দেখা যায়।

দুপুর ২টা ১০ মিনিটে নিজের আসন থেকে উঠে পাশে বসা মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সের দিকে এগিয়ে যান তারেক রহমান। এক মিনিট পর তিনি নিজের ব্যালট পেপার ব্যালট বাক্সে দেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে শুভেচ্ছা জানান।

এরপর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যালট বাক্সে ভোট দেন। তাকে ভোট দেওয়ার সময়ও সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে শুভেচ্ছা জানান। ভোট শেষে উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন মির্জা ফখরুল।

পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোট শুরুর আগে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি বুঝিয়ে দেন।

 

ভোটগ্রহণের শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। ভোট দেওয়ার পর তারা বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংসদ নেতা তারেক রহমান ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

প্রায় আট মিনিট সংসদ কক্ষে অবস্থানের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কক্ষ ত্যাগ করেন।

দুপুর ২টা ১৯ মিনিটে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার দলের সহকর্মীদের নিয়ে ভোট দেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। তবে তিনি সংসদ সদস্য না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল।

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ায় সরাসরি ভোটগ্রহণের প্রয়োজন হয়েছে। ১৯৯১ সালের পর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে একজন করে প্রার্থী থাকায় প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবার সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় ফলাফল নিয়ে অনিশ্চয়তাও নেই।

ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হবে।