নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে মতামত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আইনি ব্যাখ্যা চাইলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মতামত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মতামত) এ এ আউয়াল।

তিনি বলেন, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করালে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরদিনই নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানান, আগামী ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির পদে কার্যভার পালনের দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন।

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক ও আইনগত বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছিল। সেই প্রেক্ষাপটেই আইন মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় হবে না।