সীতাকুণ্ড শিপইয়ার্ড দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইদ্রিস আলী নামের ওই শ্রমিক। এ নিয়ে গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

মৃত ইদ্রিস আলীর বয়স ৪২ বছর। তার বাড়ি জামালপুরে। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ইদ্রিস আলী দুর্ঘটনায় আহত হয়ে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তিনি মারা যান।

গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের একটি পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলসহ পরে চিকিৎসাধীন অবস্থায় মোট ১০ শ্রমিকের মৃত্যু হলো। দুর্ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছিলেন।

এ ঘটনায় নিহত অন্য শ্রমিকরা হলেন মতিউর রহমান (১৯), সানি জলদাস (২৩), পলাশ জলদাস (৩৫), হাবিবুর রহমান (৫১), মোহাম্মদ মনসুর (৫৫), নাসির উদ্দিন (৫১), আবদুল আলীম (৩৬), রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৩)।

দুর্ঘটনার পর ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে দুটি সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিরাপত্তাজনিত বিষয়গুলো খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটিও কাজ করছে।