ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, পুলিশ সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত পৃথক আদেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, ২২ আগস্ট থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন তেজগাঁও থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খান।
আদেশে তাদের প্রশাসনিক কারণে প্রত্যাহার করে সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ সূত্র বলছে, দিনের বিভিন্ন ঘটনার পর দুই কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি থানার ওসিকে উপস্থিত পাননি।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন।
এরপর সন্ধ্যায় পল্টন মডেল থানায় পরিদর্শনে যান পুলিশপ্রধান ও ডিএমপি কমিশনার। পুলিশ সূত্রের দাবি, পরিদর্শনের সময় ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কয়েকটি কার্যক্রমেও অসংগতি নজরে আসে।
একাধিক পুলিশ সূত্র জানায়, দুই থানায় পরিদর্শনের সময় পাওয়া বিভিন্ন বিষয় পর্যালোচনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তেজগাঁও ও পল্টন মডেল থানার দুই ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।
তবে দুই কর্মকর্তার বিরুদ্ধে ঠিক কী ধরনের প্রশাসনিক অসংগতি পাওয়া গেছে বা প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে আদেশে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
