শপথ নেওয়ার পর প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন তিনি।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সেখানে একটি বৃক্ষরোপণ করেন তিনি।
স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সরাসরি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরে যাবেন। রোববার বঙ্গভবনে উঠে সেখান থেকে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে তার কার্যালয় জানিয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা এই রাজনীতিবিদ সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নতুন দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর পরদিনই জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
