রাশিয়ান হাউস ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন

রাশিয়ার জাতীয় পতাকা দিবস উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সাংবাদিক, রুশ সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দেশটির জাতীয় পতাকার ইতিহাস, বিবর্তন ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং বিশেষ উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তির মাধ্যমে অংশ নেন। তারা রাশিয়ার জাতীয় পতাকাকে কেন্দ্র করে রচিত বিভিন্ন রুশ কবিতা পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘ফ্ল্যাগ অব রাশিয়া’, ‘রাশিয়ান ফ্ল্যাগ’ ও ‘অ্যাবাউট দ্য কালার অব দ্য ফ্ল্যাগ’।

পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনার। অতিথি ও শিক্ষার্থীরা রাশিয়ার জনপ্রিয় গান ‘শিরোকায়া স্ট্রানা মায়া রাদনায়া’, ‘কাতিউশা’, ‘কালিনকা’ ও ‘মাতুশকা’ পরিবেশন করেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে রাশিয়ার জাতীয় পতাকার ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশে রুশ ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।