রাজপথের আন্দোলনে সহিংসতা ও অস্থিতিশীলতা এড়িয়ে জনগণের দাবিতে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন দেশের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা। একই সঙ্গে সংসদকে কার্যকর করতে বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সভায় সম্পাদকরা অতীতের বিভিন্ন আন্দোলনে নৈরাজ্য ও সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই জনগণের দাবি আদায়ে আন্দোলন হলেও তা যেন কোনোভাবেই সহিংসতা বা অস্থিতিশীলতার দিকে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।
একই সঙ্গে সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে গঠনমূলকভাবে প্রতিবাদ করার যে অবস্থান জামায়াত নিয়েছে, সেটির প্রশংসা করেন সম্পাদকরা।
জবাবে শফিকুর রহমান বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। তবে এ কাজে শুধু বিরোধী দলের ভূমিকা যথেষ্ট নয়। সরকারি দলকেও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, বর্তমান সংসদে উন্নয়নকাজের বরাদ্দ, সংসদের ফ্লোরে বক্তব্য দেওয়ার সুযোগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দল বৈষম্যের মুখে পড়ছে। জ্বালানি সংকট নিয়ে বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে সাড়া দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়েও কথা বলেন শফিকুর রহমান। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় বিরোধী দলকে একটি ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের পরামর্শ দেন মাহমুদুর রহমান। এর জবাবে শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। এ নিয়ে সদস্যদের প্রশিক্ষণও চলছে। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতোই সম্পর্ক থাকা উচিত। পারস্পরিক স্বার্থ ও মর্যাদা বজায় রেখে সুসম্পর্ক চান তারা। তবে কোনো পক্ষের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা যেমন কাম্য নয়, তেমনি শত্রুতাপূর্ণ সম্পর্কও তারা চান না।
মতবিনিময় সভায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের পাশাপাশি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
