রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বভার গ্রহণ করায় তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তারা নিজ নিজ বাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাহিনীর সার্বিক অগ্রগতিতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি স্থানীয় সরকারমন্ত্রীর পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করেন।