হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫ হাজারের বেশি

দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৬১ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে পরীক্ষায় শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৬ জন। হামের তথ্য প্রকাশ শুরুর পর প্রথম ৩০ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। সে তুলনায় বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৮৫ জন। এরপর সিলেট বিভাগে ১৪৮ জন, রাজশাহী বিভাগে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০০ জন রোগী এসেছে। তাদের মধ্যে ১ হাজার ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৪৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১২৮, চট্টগ্রামে ২৭১, বরিশালে ১২৬, ময়মনসিংহে ৬১, খুলনায় ৫৫ এবং রংপুর বিভাগে ১৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী হিসেবে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে।