পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে দুর্ঘটনায় উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে প্রকল্পের ভেতরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভবনে ম্যান-লিফট থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত উজ্জ্বল খন্দকার উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে ‘নিকিমথ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে এমটিইউ-২ শাখায় কাজ করতেন।
ঈশ্বরদী থানা পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে নিকিমথ কোম্পানির OOUKS ভবনে ম্যান-লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত প্রায় ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান তিনি।
মাটিতে পড়ে তার হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রকল্প এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বলের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, লিফট থেকে পড়ে শ্রমিক নিহত হওয়ার ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। দুর্ঘটনার কারণ এবং কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রকল্পের শ্রমিকরা। একই সঙ্গে কর্মস্থলে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
