পরাশক্তির সঙ্গে সম্পর্কে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান সাইফুল হকের

ভারতসহ বিশ্বের সব পরাশক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণে জাতীয় মর্যাদা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে দেশের জ্বালানি খাতকে বিদেশ নির্ভরতা থেকে বের করে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ফার্মগেটের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বাংলাদেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে ভারতকে বাংলাদেশবিরোধী সব ধরনের অপপ্রচার ও অপতৎপরতা বন্ধ করতে হবে। তবে শুধু ভারতের ক্ষেত্রেই নয়, বিশ্বের সব পরাশক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও মর্যাদাকে ভিত্তি হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

দেশের জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাত কোনোভাবেই অতিরিক্ত বিদেশ নির্ভর হয়ে পড়া উচিত নয়। জাতীয় স্বাবলম্বিতার নীতি অনুসরণ করে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের সমুদ্রসীমা ও স্থলভাগে থাকা জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাইফুল হক। তার মতে, নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

প্রতিনিধি সভার শুরুতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করা হয়। একই সঙ্গে বিপ্লবী যুব সংহতির সংগঠক অকালপ্রয়াত শিবু মোহান্ত এবং নেপালের বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির নেতা তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, আকবর খান এবং বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম।