- নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দিতে রাজউকের সঙ্গে করা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন পরিবেশবিদ ড. আদিল মুহাম্মদ খান, ফিরোজ আহমেদ, আমিরুল রাজিব ও সৈয়দা শাহীন মাহবুবের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ব্যারিস্টার নিশাত মাহমুদ এবং মুহাম্মদ আওলাদ হোসন।
রিট আবেদনে বলা হয়, রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে করা সমঝোতা চুক্তির মাধ্যমে পার্ক ও মাঠ ব্যবহারের জন্য সাধারণ নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। আবেদনকারীদের দাবি, এ ধরনের ব্যবস্থা মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণসংক্রান্ত আইন এবং এ বিষয়ে আপিল বিভাগের দেওয়া নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনে আরও অভিযোগ করা হয়, গুলশান ইয়ুথ ক্লাব ওই আইন ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে পার্ক ও মাঠ এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে।
শুনানি শেষে আদালত জানতে চান, চুক্তির আওতায় মাঠ ও পার্ক ব্যবহারের জন্য অর্থ আদায় এবং সেখানে বেআইনি স্থাপনা নির্মাণের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না।
একই সঙ্গে গুলশান সেন্ট্রাল পার্কের মাস্টারপ্ল্যানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বা বেআইনিভাবে নির্মিত স্থাপনা চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
