- নিজস্ব প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হলেও সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে ১১ হাজার ৪৯৫টি পদই বর্তমানে শূন্য রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তাঁর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড বিবেচনায় দেশের স্বাস্থ্যসেবায় প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন। এ ঘাটতি পূরণে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো ধাপে ধাপে পূরণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
হামের প্রাদুর্ভাবের পেছনে টিকা সংকট
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা সংগ্রহে বিলম্ব এবং পরবর্তীতে দেশজুড়ে টিকার সংকটের পেছনে প্রশাসনিক নীতি পরিবর্তন, আমলাতান্ত্রিক জটিলতা ও ইউনিসেফের সতর্কতা উপেক্ষার মতো বিষয় কাজ করেছে।
লিখিত জবাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার কারণে টিকাদান কার্যক্রম পিছিয়ে যায়। পরের বছর সরকারের পক্ষ থেকে একটি পরিপূরক হাম-রুবেলা বিশেষ ক্যাম্পেইনও বাতিল করা হয়। এতে নিয়মিত টিকাদানের আওতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। পরবর্তী সময়ে দেশের শিশুদের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও হামের সংক্রমণ গুরুতর আকার ধারণ করে।
জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক হতে পারে ২-৩ মাসে
বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত তিন বছর ধরে চাহিদার তুলনায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ কিছুটা কম ছিল। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এসব সামগ্রী ও চিকিৎসা উপকরণের সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রয় প্রক্রিয়া শেষ করে দ্রুত মাঠপর্যায়ে সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে সরকার।
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আসন
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে জানানো হয়, দেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ৫ হাজার ১০০টি। অন্যদিকে ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৭৮টি।
যাকাত ফান্ডে জমা ৭ কোটি টাকা
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) জানান, চলতি অর্থবছরে মোট ৭ কোটি টাকা যাকাত সংগ্রহ হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫৯ লাখ টাকা সরকারি যাকাত ফান্ডে জমা রয়েছে। অবশিষ্ট অর্থ বিভাগীয় ও জেলা পর্যায়ের যাকাত ফান্ডে রাখা হয়েছে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি দূর করা এবং সামাজিক সংঘাত প্রতিরোধে দেশের বিভিন্ন মত ও পথের আলেম-ওলামাদের সম্পৃক্ত করা হচ্ছে।
উপজেলাভিত্তিক গবেষণা ও ইফতা কার্যক্রম বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে জাতীয় পর্যায়ে একটি ওলামা পরামর্শক কমিটি গঠনের বিষয়টিও সরকার বিবেচনা করবে।
৩৫ বছরে নৌ দুর্ঘটনায় নিহত ৪ হাজার ৫২
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, দেশে প্রথমবারের মতো পরিচালিত নৌযান শুমারিতে ২ লাখ ৫২ হাজার ৮১৩টি নৌযান তালিকাভুক্ত হয়েছে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ৩৫ বছরে ৪৭ হাজার ৬০৬টি নৌযানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৬৭১টি মামলা মেরিন কোর্টে বিচার শেষে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৯ হাজার ৯৩৫টি মামলা বিচারাধীন।
একই সময়ে নৌ দুর্ঘটনায় ৪ হাজার ৫২ জন নিহত এবং ৮০৭ জন আহত হয়েছেন।
