- নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় উঠেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি ৬০ নম্বর ক্রমিকে রয়েছে।
মো. আল আমিন নামের এক ব্যক্তি রিট আবেদনটি করেন। আবেদনে তাঁর ঠিকানা মুন্সিগঞ্জের শ্রীনগর উল্লেখ করা হয়েছে।
রিটে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সরকারি ওই নির্দেশনার আওতায় আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনসহ বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হোক।
একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে।
এখন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
