গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান এবং বিশৃঙ্খলার ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন এবং নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকদের সেখানে জড়ো হওয়ার অভিযোগে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল।

সন্ধ্যার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার পর একপর্যায়ে দর্শকসারি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়।

আয়োজকেরা স্লোগান বন্ধ করার চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এরপরও স্লোগান বন্ধ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

অনুমতি না নেওয়ার অভিযোগ

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্রিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এসব কারণেই হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও এজাহার সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, তাঁকে যেভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, সেই অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

হাফিজুর রহমানের পারিবারিক পরিচয়

গ্রেপ্তার হাফিজুর রহমানের বাবা খালিদ হোসেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বলে জানা গেছে।

তবে গোপালগঞ্জ সদর থানা সূত্র জানিয়েছে, হাফিজুর রহমানকে নতুন কোনো মামলা না করে সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।