ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক

ডোপ টেস্টে নিষিদ্ধ মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২৬ কোর্সে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে মিরপুর সেনানিবাসের উদ্দেশে যান।

কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

পরীক্ষার ফলাফলে তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়। সরকারি প্রজ্ঞাপনে এ ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিষয়টিকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে। একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।