টিসিবির তালিকা থেকে বাদ ৫৯ লাখ সুবিধাভোগী, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগীর তালিকা থেকে ৫৯ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য সরবরাহ ও সাপ্লাই চেইনে এখনো বৈষম্য রয়েছে। এর প্রভাবেই বাজারে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসছে না। তবে ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা সাধারণ মানুষের জন্য উপকারী বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, টিসিবির কার্ড ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার ফলে বছরে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টিসিবির সেবাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও যেন কোনো সুবিধাভোগী টিসিবির পণ্য পাওয়া থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থাও করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ডিজিটাল কার্ড ব্যবস্থার মাধ্যমে এ সমস্যা সমাধান করা হবে।

ডিলার নিয়োগের বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনলাইনভিত্তিক ডিলার নিয়োগ ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।