রূপপুরে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে রোসাটমের সহায়তা চাইল বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রকল্পের বাকি কাজ দ্রুত এগিয়ে নিতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে রোববার রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠক করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি, নির্মাণকাজের অবস্থা এবং দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্পের নির্মাণকাজ এগিয়ে নিয়ে দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তার মান বজায় রেখেই প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে হবে। নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ছাড় না দিয়ে রূপপুর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অন্যদিকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।