- নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
দুপুর ২টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে স্বাগত জানানো হয়। পরে রিজভীর সঙ্গে বৈঠকে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। এ সময় বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে ব্রিটিশ হাইকমিশনার তার দেশের আগ্রহ ও প্রত্যয়ের কথা জানান।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে রুহুল কবির রিজভীর একান্ত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
