কক্সবাজার ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত

  • চট্টগ্রাম প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীতে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মিফতা, মোরশেদ ও ফেরদৌস আলম এবং কক্সবাজার সদর উপজেলার নাপিতখুলি এলাকার মাইক্রোবাসচালক মো. হাসান।

পুলিশ জানায়, মাইক্রোবাসে থাকা যাত্রীরা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কক্সবাজারের ঈদগাঁও এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে কলেজ বাজার এলাকায় একটি কভার্ড ভ্যান দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং চারজন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেন।

দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর এর চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।