প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক

দেশের উপজেলা পর্যায় পর্যন্ত কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বিভিন্ন হাসপাতালের বরাদ্দ বাড়ানো এবং চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে সেবার পরিধি বাড়াতে বরাদ্দও বৃদ্ধি করা হচ্ছে।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে জানান তিনি।

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন আইসিইউ সেবা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, প্রতিষ্ঠানটি ২০০৫ সালে উদ্বোধন করা হলেও দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভুইয়াঁ সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।