দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

চমৎকার দুটি ডেলিভারিতে ম্যাচের প্রথম ওভারে পরপর দুই উইকেট নিয়ে সুর বেঁধে দিলেন মারুফা আক্তার। পরে দারুণ বোলিং করলেন অন্য বোলাররাও। ফিল্ডিংও হলো নজরকাড়া। পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে ছোট লক্ষ্য পেল বাংলাদেশ।

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে এই দুই দলের প্রথম ম্যাচে স্রেফ ১২৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে অন্তত একটি উইকেট পান সবাই। ৩.৩ ওভারে ৩ মেডেনে স্রেফ ৫ রানে পাকিস্তানের শেষ ৩ উইকেট নিয়ে সফলতম বোলার লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। নিয়ন্ত্রিত বোলিংয়ে পেসার মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপে আসা পাকিস্তানের হয়ে ত্রিশ ছুঁতে পারেননি কেউই।

বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে প্রায় সাড়ে পাঁচ মাস পর। সবশেষ গত এপ্রিলে লাহোরে পাকিস্তানের বিপক্ষেই বিশ্বকাপ বাছাইয়ে খেলেছিল তারা। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আরেকটি শ্রীলঙ্কাকে ১ রানে হারায় নিগার সুলতানার দল। সব মিলিয়ে প্রস্তুতির ঘাটতি তাই কিছুটা ছিলই। তবে বিশ্বকাপ অভিযানের শুরুতে বোলিংয়ে উজ্জীবিত পারফরম্যান্সই উপহার দিল তারা।

কলম্বোর উইকেটে ঘাসের ছোঁয়া ছিল কিছুটা। টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকানো দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করেন মারুফা। পরের বলেই চমৎকার ডেলিভারিতে বোল্ড হন দারুণ ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন।

এই ম্যাচে নামার আগে ২০২৫ সালে ওয়ানডেতে সিদরার ব্যাটিং গড় ছিল ৮৬.৩৩, সবশেষ ছয় ওয়ানডেতে দুটি সেঞ্চুরির পাশে তিনটি ফিফটি। সেই তিনিই এই সংস্করণে শূন্য রানে ফিরলেন সাড়ে ছয় বছর পর, প্রথম বলে আউট হলেন প্রথমবার।

মারুফার হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন মুনিবা আলি। শুরুর জোড়া ধাক্কা তিনি সামাল দেওয়ার চেষ্টা করেন রামিন শামিমের সঙ্গে। ৪২ রানের জুটি গড়েন তারা, যা ইনিংসের সর্বোচ্চ জুটি হয়ে থাকে।

মুনিবাকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা। দারুণ নিচু ক্যাচ নেন ফিল্ডার নিশিতা আক্তার। নাহিদার পরের ওভারে বোলারকে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন রামিন। তার ২৩ রানই ইনিংসের সর্বোচ্চ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। স্বর্ণা বোলিং পান ৩৩তম ওভারে। পরপর দুই ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি। রান দেননি নিজের তৃতীয় ওভারেও। চতুর্থ ওভারের প্রথম বলে চার মারেন ডায়ানা বেগ, এরপর সিঙ্গল নেন। পরের বলেই সাদিয়া ইকবালের আউটে ইনিংসের সমাপ্তি ঘটে।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, ওমাইমা ০, সিদরা আমিন ০, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)