ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরার ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ার সুযোগ আর নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সাকিবকে এখন দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।
অন্যদিকে সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি মোকাবিলা করার পাশাপাশি ঘরের মাঠে বিদায়ী সিরিজ খেলতে চান তিনি। এমনকি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলার লক্ষ্য রয়েছে তার।
শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে সাকিবের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, সাকিবের বিষয়টি সরকার শুরুতে অনেকটা নমনীয়ভাবে দেখেছে। তবে রাজনৈতিক অবস্থানের কারণে এখন আর আগের মতো সুযোগ দেওয়ার পরিস্থিতি নেই। তার ভাষায়, রাজনৈতিকভাবে বিতর্কিত অবস্থানের কারণে সাকিবকে দেশে ফিরতে হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এদিকে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়া সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে বলেছেন, সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরতে চান। নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতেও তার আপত্তি নেই বলে জানান তিনি।
সাকিব দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। নিজের বিরুদ্ধে হওয়া হত্যা মামলাকে তিনি ভিত্তিহীন ও হাস্যকর বলেও মন্তব্য করেন। তার বক্তব্য, মামলাটি দায়েরের সময় তিনি কানাডায় ক্রিকেট ম্যাচ খেলছিলেন।
দেশে ফেরার বিষয়ে নিজের পরিকল্পনা জানিয়ে সাকিব বলেন, তিনি এখনই ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না। দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সাম্প্রতিক যোগাযোগ এবং দিল্লিতে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন সাকিব। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে তার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
সাকিব আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার ব্যাংক হিসাব জব্দ রয়েছে। পাশাপাশি তার মা-বাবার বিদেশে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে সাকিবকে ঘিরে আলোচনা ছাড়াও দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়ন নিয়ে বক্তব্য দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে তিনি টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগের কথা জানান।
আমিনুল হক বলেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। খেলাটিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও কাজ চলছে।
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদক সমাজের জন্য বড় ধরনের ক্ষতিকর বিষয়। খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ জোরদার করে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
