চট্টগ্রাম-কক্সবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, রোববার একাধিক কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। এক দিনের এই সফরে তিনি উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, আলেমদের সঙ্গে সাক্ষাৎ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।

আগামীকাল রোববার (৯ আগস্ট) সকালে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছানোর মধ্য দিয়ে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। সফরকে ঘিরে মহেশখালী থেকে চট্টগ্রামের ফটিকছড়ি পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টার দিকে মহেশখালীতে পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টার দিকে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে ১০০টি গৃহহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি ও ত্রাণসামগ্রী তুলে দেওয়ার কথা রয়েছে।

বাঁশখালীর কর্মসূচি শেষ করে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন তিনি। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

ফটিকছড়ি শেষে প্রধানমন্ত্রী হাটহাজারীতে যাবেন। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন।

পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা করে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সফরের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর অডিটোরিয়ামে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রের দাবি, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়েছে।

সব কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে।