জাবিতে মশাল মিছিল : বট বাহিনীর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহরিন ইসলাম খানের প্রতিসংহতি জানিয়ে এবং সাইবার স্পেসে নারীর প্রতি সহিংসতা ও হেনস্তার প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

বুধবার রাত ৯টার দিকে নওয়াব ফয়জুন্নেসা হল থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘বট বাহিনীর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘বন্ধ কর, করতে হবে অনলাইনে নারী হেনস্তা’, ‘মেয়েদের ওপর সাইবার বুলিং বন্ধ কর, করতে হবে’, ‘ঘরে-বাইরে নারী নির্যাতন, প্রশাসন কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।

নাহরিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক। সম্প্রতি তার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা।

সমাবেশে শিক্ষার্থীরা এ মামলাকে ‘মিথ্যা ও নারীদের কণ্ঠরোধের প্রচেষ্টা’ হিসেবে মন্তব্য করেন।

জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রী তানজিলা হোসেন বৈশাখী বলেন, “আমরা সব সময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আমাদের প্রতিষ্ঠান সেটাই শেখায়। নাহরিন ম্যাডামের বিরুদ্ধে মামলা শুধু তার বিরুদ্ধে নয়, বরং এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।”

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিহা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অন্তর্বর্তী সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কয়েক মাস আগে চট্টগ্রামে এক শিবির নেতা প্রকাশ্যে এক নারীকে লাঞ্ছিত করলেও আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “যেসব নারী জামায়াত-শিবিরের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সরব ছিলেন, তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। হামলা বা মামলা দিয়ে নারীদের কণ্ঠরোধ করা যাবে না।”