৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের জন্য একুশে পদক ঘোষণা

শিল্প, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, সংগীত ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একুশে পদকপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন। তিনি জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এসব গুণীজনকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

এবারের একুশে পদকপ্রাপ্তরা হলেন—
চলচ্চিত্রে চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার যস, নৃত্যে অর্থী আহমেদ এবং ব্যান্ড সংগীতে ওয়ারফেজ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান ও আসিফ নজরুল এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

এবারের তালিকায় বিনোদন অঙ্গনের দুই কিংবদন্তির নাম বিশেষভাবে আলোচনায় এসেছে। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ববিতা। অন্যদিকে বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ ও এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা প্রয়াত আইয়ুব বাচ্চুকে দেওয়া হচ্ছে মরণোত্তর একুশে পদক।

সাংবাদিকতায় অবদানের জন্য মনোনীত হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। শিক্ষা ক্ষেত্রে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং চারুকলায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তারও এই সম্মাননা পাচ্ছেন।

এছাড়া স্থাপত্যে আন্তর্জাতিকভাবে পরিচিত স্থপতি মেরিনা তাবাসসুম, লোকজ সংস্কৃতিতে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্যে তেজস হালদার যস এবং নৃত্যে অর্থী আহমেদ রয়েছেন এবারের তালিকায়। সংগীতে দলীয় অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চায় যাঁরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, তাঁদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতেই একুশে পদক দেওয়া হচ্ছে।

একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হবে।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করা হয়। এটি বাংলাদেশের জাতীয় পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে বিবেচিত।