আগামী আরো কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানায়, বুধবার থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর ফলে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। তবে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সারাদেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এদিন রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ও শনিবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, ভোরে নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার দিনের তাপমাত্রাও কিছুটা কমার আভাস রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা থাকলেও এদিন থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনে সারাদেশে তাপমাত্রা আরও বাড়ার প্রবণতা থাকতে পারে।
