রাবি এক শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষার্থী জুবাইদা ইসলাম ইতি একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার স্বীকৃতি দিয়ে বলেন, মেহেরচণ্ডীর একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ইতি তার মায়ের সাথে ওই বাসায় থাকতেন। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে একজন পিয়ন হিসেবে কর্মরত ছিলেন, যিনি কিছুদিন আগে মারা যান। প্রক্টর আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৃত্যুর সময় ও স্থান সম্পর্কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশের বক্তব্য জানতে চন্দ্রিমা থানার ওসি মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।