সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচউয়ির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির প্রতিনিধিরা, যেখানে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরিস্থিতি ও অভিযোগ তুলে ধরেন।
রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে মাঠপর্যায়ের বর্তমান অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়গুলো।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোট আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টিকে সেই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে রাষ্ট্র সংস্কারের উদ্যোগে রাজনৈতিক ঐকমত্য গড়তে জাতীয় ঐকমত্য কমিশনও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে, তবে সেখানেও জাতীয় পার্টিকে ডাকেনি। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলোও তোলা হয়।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না অন্তবর্তীকালীন সরকার। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।”
জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মইনুর রাব্বি চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর মো. মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
কমনওয়েলথের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার আইনি উপদেষ্টা দিনুষা পন্ডিত রত্ন এবং সহকারী গবেষণা কর্মকর্তা সার্থক রায়।
