বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ তোড়া হস্তান্তর করেন।
মির্জা ফখরুল জানিয়েছেন, “ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাতে এসেছিলাম। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। তাঁর আশু আরোগ্য কামনা করে একটি ফুলের তোড়া দিয়েছেন।” সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল এভারকেয়ার হাসপাতালে গিয়ে তোড়াটি খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।
সৌজন্য সাক্ষাতে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এসময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।
শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
