ট্রাম্পের অভিযোগ: “ইউক্রেইন আমাদের প্রচেষ্টায় অকৃতজ্ঞ”

এবারও ইউক্রেইনের নেতাদের ‘অকৃতজ্ঞ’ বলে কটাক্ষ করলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে বাক-বিতণ্ডার বৈঠকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি অকৃতজ্ঞ বলেছিলেন ট্রাম্প। এবার জেনিভায় রাশিয়ার যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ইউক্রেইনের দিক থেকে ‘কোনওরকম কৃতজ্ঞতা’ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুললেন তিনি।

ট্রাম্প এই মন্তব্য করেছেন এমন সময় যখন যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও এর ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিরা রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে জেনিভায় বৈঠক করছিলেন।

রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইউক্রেইনের নেতারা আমাদের প্রচেষ্টায় শূন্য কৃতজ্ঞতা দেখিয়েছে।” একইসঙ্গে ইউরোপের বিরুদ্ধেও অভিযোগ করেছেন, “তারা রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে।”

ট্রাম্প যুদ্ধকে ‘অযথাই বহু মানুষের প্রাণহানি এবং প্রত্যেকের জন্যই হতভাগ্য’ আখ্যা দিয়েছেন এবং তার পূর্বসূরি জো বাইডেনের নীতিকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আগের সরকারের আমল থেকে এমন একটি যুদ্ধ পেয়েছেন যেটি হওয়াই উচিত ছিল না। এছাড়া তিনি ইউক্রেইনের দুর্বল নেতৃত্ব নিয়েও সমালোচনা করেছেন।

রোববার যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও ইউরোপের একাধিক প্রভাবশালী দেশের প্রতিনিধি দল জেনিভায় বৈঠক করেছে, যেখানে ইউক্রেইনে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, তার ২৮ দফার খসড়া পরিকল্পনায় রাজি হতে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির হাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে। ওই পরিকল্পনায় ইউক্রেইনকে ভূখণ্ড ছাড়তে হবে, সেনাবাহিনীর আকার কমাতে হবে এবং ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে হবে।

পরিকল্পনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউক্রেইনের প্রতিনিধি দল বের হওয়ার সময় জানিয়েছে সবকিছু ভালোভাবে চলছে। বৈঠক শেষের পরই ট্রাম্প সামাজিক মাধ্যমে বড় হাতের অক্ষরে ইউক্রেইনকে অকৃতজ্ঞ বলার পোস্ট দেন।

জেনিভার বৈঠকের মার্কিন প্রতিনিধিদের কাছে ট্রাম্পের মন্তব্য নিয়ে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি। নিরাপত্তা ঘেরাটোপে থাকা মার্কিন প্রতিনিধিদল এই সময় মুখে কুলুপ এঁটে ছিলেন।

প্রায় ২০ মিনিট পর ইউক্রেইনের শীর্ষ কর্মকর্তা রুস্তেম উমেরভ বিনয়ী ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা এবং গুরুত্বপূর্ণ একটি অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের উদ্বেগকে বোঝার জন্য আমরা আমাদের আমেরিকান অংশীদারদের প্রশংসা করি। আজ আমরা আরও অগ্রগতি হওয়ার আশা করছি।”

বর্তমানে ট্রাম্প বাদবাকি বিশ্বের সঙ্গে যোগ দিয়েছেন এবং জেনিভায় কি অগ্রগতি হয় তা দেখার অপেক্ষায় আছেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেইনের স্বার্থগুলো বিবেচনায় নেওয়া হতে পারে এমন একটি বোঝাপড়া আপাতত হয়েছে। চূড়ান্তভাবে যুদ্ধ ও রক্তক্ষয় বন্ধ করতে মূল লক্ষ্যগুলো কার্যকরভাবে অর্জনের জন্য বাড়তি কাজ চলছে।