বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কারের জন্য ২০২৫ সালের মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার একাডেমির পক্ষ থেকে মোট নয়জনের নাম প্রকাশ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবার সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা। ভাষাভিত্তিক গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পাচ্ছেন।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী। প্রকৃতি ও বিজ্ঞান চর্চায় সামগ্রিক অবদানের মূল্যায়নে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সানাউল হক খান। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান; বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণায় তার অবদানের স্বীকৃতিতে তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য-নির্দেশনা এবং নাট্যসংগঠক হিসেবে দীর্ঘদিনের অবদানের জন্য তিনি এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
আবু রুশদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন। অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হবে।
উল্লিখিত ছয়টি পুরস্কারের প্রতিটির অর্থমূল্য এক লাখ টাকা করে। এছাড়া হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম। তিনি ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য এ পুরস্কারে নির্বাচিত হয়েছেন। বইটিতে গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে। এ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।
কথাসাহিত্যে অবদানের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন সুব্রত বড়ুয়া। এই পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
অন্যদিকে, অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
