শিল্প খাতে কর্মরত প্রবাসীদের ‘প্রবাসী ফি’ বাতিল সৌদি আরবে

সৌদি আরব শিল্প লাইসেন্সের আওতায় নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ‘প্রবাসী ফি’ বাতিল করেছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত গ্রহণ করে। কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের (সিইডিএ) সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তটির পেছনে শিল্প খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য রয়েছে। বিজ্ঞ নেতৃত্বের কাছ থেকে শিল্প খাত যে সহযোগিতা ও ক্ষমতায়ন পাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধি, তাদের স্থায়িত্ব নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রতিযোগিতা করার সামর্থ্য গড়ে তুলতে যুবরাজের গভীর আগ্রহের প্রতিফলন হিসেবেও এ সিদ্ধান্তকে দেখা হচ্ছে।

একটি প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল শিল্প অর্থনীতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণের যে উচ্চাভিলাষী পরিকল্পনা—‘সৌদি ভিশন ২০৩০’—তা বাস্তবায়নে কাজ করছে দেশটি। এই পরিকল্পনায় শিল্প খাতকে অর্থনৈতিক বৈচিত্র্য আনার অন্যতম মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরায়েফ বলেছেন, শিল্প শ্রমিকদের জন্য প্রবাসী ফি বাতিলের মন্ত্রিসভার সিদ্ধান্ত টেকসই শিল্প উন্নয়নের গতি আরও বাড়াবে। এই সিদ্ধান্তের জন্য তিনি সৌদি আরবের বাদশা সালমান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক শিল্প অর্থনীতি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।