বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাতটি রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভের অনুমতি চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দলটি।
চিঠিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে এর আগের দিন ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবেন। সে কারণে ওই সময়ের জন্য বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে সাতটি নির্দিষ্ট রুটের কথা উল্লেখ করা হয়। রুটগুলো হলো— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।
চিঠিতে এসব রুটে একটি করে স্পেশাল ট্রেন অথবা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নেতাকর্মীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ঢাকায় যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
