হাদি হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা, শনিবার রাষ্ট্রীয় শোক; ধৈর্য ও সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বর্তমান পরিস্থিতিতে তিনি সবাইকে ধৈর্য ধরতে ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া জরুরি ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি জানান, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান। মৃত্যুর খবর আসার প্রায় ঘণ্টা দেড়েকের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেন।

ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন—এই দোয়া করি।”

হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “তার প্রয়ান দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।”

হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।”

এ সময় তিনি অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেন।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”