অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বাংলাদেশের অন্যতম দুই গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো ও ডেইলি স্টারের পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ রয়েছে তাদের অনলাইন সংস্করণও।
শুক্রবার সকালে ‘পাঠকের প্রতি’ শিরোনামে প্রকাশিত এক লেখায় জানানো হয়, আগের রাতে কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে নির্ধারিত দিনে প্রথম আলোর ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি বলে উল্লেখ করা হয়।
ওই বার্তায় পাঠকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন সংস্করণ ও ছাপা পত্রিকার প্রকাশ আবার শুরু করার চেষ্টা চলছে। এ বিষয়ে পাঠকদের সহযোগিতাও কামনা করা হয়।
একই ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডেইলি স্টারের পক্ষ থেকেও। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের রাতে অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে অনলাইন সার্ভিস পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করা হয় এবং ধৈর্য ধরার আহ্বান জানানো হয়।
