রাজনীতি, দলীয় আনুগত্য ও ইতিহাসের নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কৃতি, ক্ষমতার প্রভাব এবং ভিন্নমতাবলম্বীদের ইতিহাস থেকে মুছে ফেলার প্রবণতা নিয়ে মন্তব্য করেন।
মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বা নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত থাকলেও সরাসরি ওই দলের অংশ না হলে পরবর্তীতে তার অবদান অস্বীকার করা হতে পারে। দলের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, রাজনৈতিক ইতিহাস কিংবা বিভিন্ন মাইলফলকের আলোচনায় তার নাম এড়িয়ে যাওয়া সম্ভব। আর নাম উল্লেখ করা হলেও সেটি ইতিবাচকভাবে না এসে দায় চাপানো বা নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যম হতে পারে।
রাজনীতির এই বাস্তবতাকে ইতিহাসের সঙ্গে তুলনা করে তিনি লেখেন, “ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার।” তার মতে, সেখানে বড় মাছের ছোট মাছকে গ্রাস করার মতো ‘মাৎস্যন্যায়’ও কার্যকর থাকে। অর্থাৎ রাজনৈতিক ও আদর্শিক শক্তির প্রভাব যত বেশি, ইতিহাসের বয়ান নির্ধারণের ক্ষমতাও তাদের হাতে তত বেশি থাকে।
পোস্টে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, কোনো প্রভাবশালী আদর্শিক গোষ্ঠীর বিরোধিতা করলে একজন ব্যক্তিকে ইতিহাসের মূলধারা থেকেই বাদ দেওয়া হতে পারে। এমনকি তাকে এমনভাবে উপস্থাপন করা হতে পারে, যেন রাজনৈতিক ইতিহাসে তার কোনো ভূমিকাই ছিল না। আর তার অস্তিত্ব স্বীকার করা হলেও তাকে ‘গাদ্দার’ বা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করার প্রবণতা দেখা যেতে পারে।
অন্যদিকে, সংশ্লিষ্ট আদর্শিক গোষ্ঠীর সঙ্গে তাল মিলিয়ে চললে একই ব্যক্তি রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ পেতে পারেন বলেও ইঙ্গিত দেন মাহফুজ আলম।
পোস্টের শেষাংশে তিনি ক্ষমতা ও ইতিহাস রচনার সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তার বক্তব্যের সারকথা হলো, রাজনৈতিক ক্ষমতা যার হাতে থাকে, ইতিহাসের বয়ান নির্ধারণের সুযোগও মূলত তারাই পায়। কোনো দল বা আদর্শিক গোষ্ঠী ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইতিহাস নির্মাণ এবং ভিন্নমতাবলম্বীদের ভূমিকা আড়াল করার প্রবণতা তৈরি হতে পারে।
মাহফুজ আলমের এই পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। তবে রাজনীতি, ইতিহাসের মালিকানা এবং দলীয় আনুগত্য নিয়ে তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
