জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজন যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য সিএনজি অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে উপকারভোগীদের কাছে এসব যানবাহন তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়েও তিনি তাদের সঙ্গে কথা বলেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ শেখ। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার পড়াশোনার বিষয়ে খোঁজ নিয়ে তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কুষ্টিয়ার মো. গফফারকে দেওয়া হয় দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করার পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি।
উপহার পাওয়া রিকশা দুটি কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে মো. গফফার জানান, একটি রিকশা তিনি নিজে ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে উপকারভোগীরা কীভাবে নিরাপদে এসব যানবাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
