স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে সরকারের অঙ্গীকার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দ বাড়ছে

  • নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের পেশাগত কাজে সরকার হস্তক্ষেপ করবে না এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। একই অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম সক্রিয় থাকার কারণেই দেশের গণতন্ত্র আজকের অবস্থানে এসেছে। সরকারের সময়ে সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং তাদের সাংবাদিকতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা সরকারের নেই।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে গণমাধ্যম সমান অংশীদার। তাই স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ বজায় রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান ৬ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে পুরো অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব না হলে আগামী অর্থবছরের মধ্যে ২৫ কোটি টাকা অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে ডিআরইউর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ অতিথিরা সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এর আগে ডিআরইউ নেতৃবৃন্দ ফুল দিয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ডিআরইউর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।