বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অসুস্থ

ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে মির্জা ফখরুল নিজ বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন। তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের নির্দেশনা অনুসারে আপাতত তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

শায়রুল কবির খান আরও বলেন, এই সময়ে কোনো কর্মসূচিতে অংশ না নিয়ে মির্জা ফখরুল সম্পূর্ণ বিশ্রামে থাকবেন।

এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সেখানে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।