নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে। সংশোধনীতে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ২ দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময়সীমা ২ দিন বাড়ানো হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত। এর আগে এই সময়সীমা ছিল ৫ থেকে ১১ জানুয়ারি। অর্থাৎ আপিল দায়েরের সময় ২ দিন কমে গেছে।
অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা আগে ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি। সংশোধনীতে এ সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত করা হয়েছে। ফলে আপিল নিষ্পত্তির জন্য ২ দিন বেশি সময় পাওয়া গেল।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ নির্ধারিত রয়েছে সেই তফসিলে।
সংশোধিত প্রজ্ঞাপনে গেজেটের কিছু অংশেও পরিবর্তন আনা হয়েছে। ১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ধারা ১১(১) অনুসারে এই সংশোধনী আনা হলো।
গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ ও চিহ্ন বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় আপিল দায়েরের তারিখের বিপরীতে উল্লিখিত ‘২১-২৭ পৌষ ১৪৩২, ৫-১১ জানুয়ারি ২০২৬, সোমবার-রোববার’ এর পরিবর্তে ‘২১-২৫ পৌষ ১৪৩২, ৫-৯ জানুয়ারি ২০২৬, সোমবার-শুক্রবার’ প্রতিস্থাপন করা হয়েছে।
আর গেজেটের ১৩ হাজার ৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখের বিপরীতে উল্লিখিত ‘২৮ পৌষ-৪ মাঘ ১৪৩২, ১২-১৮ জানুয়ারি ২০২৬, সোমবার-রোববার’ এর স্থলে ‘২৬ পৌষ-৪ মাঘ ১৪৩২, ১০-১৮ জানুয়ারি ২০২৬, শনিবার-রোববার’ বসানো হয়েছে।
নির্বাচনের অন্য সময়সূচি আগের মতোই রয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।
সংশোধিত সময় অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় এখন ৯ জানুয়ারি, ২০২৬। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।
রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত।
