শিখ সংগঠনের ডাকে সাত দেশে ভারতীয় দূতাবাস বন্ধের দাবিতে বিক্ষোভের ঘোষণা

শিখস ফর জাস্টিস (এসএফজে) সংগঠনের জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতটি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একাংশ এই বিক্ষোভে অংশ নেবেন।

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকা, ইসলামাবাদ, মেলবোর্ন, লন্ডন, মিলান, টরন্টো, ভ্যাঙ্কুভার এবং ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটগুলোর সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিক্ষোভকারীরা কনস্যুলেটগুলো বন্ধ করার দাবি জানাবেন।

পান্নুন তার বক্তব্যে দাবি করেন, বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে ভারত সরকারের হত্যার পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতের পরিকল্পনা বিশ্ববাসীর সামনে আনতেই এই কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ‘শিখস ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্তহত্যার পরিকল্পনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে যাচ্ছে। ভারত ইতোমধ্যেই ওসমান হাদিকে হত্যা করেছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আমরা কর্মসূচি হিসেবে ভারতীয় দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছি। কারণ এগুলোকে আমরা ভারতের গোয়েন্দা সংস্থা র-এর কেন্দ্র বলে মনে করি। এখান থেকেই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।’ পান্নুন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ওসমান হাদি হত্যার নির্দেশদাতা হিসেবে দায়ী করেন এবং দাবি করেন যে দূতাবাস থেকেই হত্যাকাণ্ড, গুপ্তচরবৃত্তি ও নজরদারির কার্যক্রম পরিচালিত হয়।