চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে দলের পক্ষ থেকে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের পুত্র।
এছাড়া, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে বিএনপির প্রাথমিক তালিকায় চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ছিল এবং চট্টগ্রাম-১১ আসন খালি রাখা হয়েছিল। চূড়ান্ত মনোনয়নে আমীর খসরুকে তার পূর্বের সংসদীয় এলাকা চট্টগ্রাম-১১ আসনেই মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম-৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া কাজী সালাহউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক তালিকা ঘোষণার পর সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সমর্থকদের বিক্ষোভের ঘটনা ঘটে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে এখনো দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর।
