এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনি বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ সময় পার করছেন এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়ে গেছে।
ডা. জাহিদ হোসেন শনিবার দিবাগত রাত বারোটার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। চিকিৎসক আশা প্রকাশ করে বলেন, আল্লাহর অশেষ রহমত ও চিকিৎসকদের প্রচেষ্টা সফল হলে তিনি এবারও সুস্থ হয়ে উঠতে পারেন।
এর আগে, শনিবার রাতে ধানমন্ডিতে তার শ্বশুরবাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন এবং এই সময়ে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
