বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। দলটির মিডিয়া সেলের ভেরিফাইড পেজে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
পোস্টটিতে দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন লিখেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
খালেদা জিয়ার শরীরে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসসংক্রান্ত নানা জটিলতা বিরাজমান। তার স্বাস্থ্যের এই সংকটপূর্ণ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি বিএনপির পক্ষ থেকে উঠলেও, তা এখনো বাস্তবায়িত হয়নি। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক অবস্থা বিমান যাত্রার জন্য উপযোগী না হওয়ায় দেশের ভেতরেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
