বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারকৃত এক ব্যক্তির নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিএনপি।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই দাবি জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে যান তারেক রহমান। এই সময় তাকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মত প্রকাশের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করে দলটি দাবি করে যে, গণতন্ত্র ও মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য তারা সবসময় সংগ্রাম করে এসেছে। এই অধিকার ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।
