অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই

ভারতীয় টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সার ও মেটাস্ট্যাসিসে ভুগছিলেন।

গত মাসে তার ছেলে অচ্যুত আদর্শ জনসাধারণের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তিনি একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে লিখেছিলেন যে, পরিবারের পক্ষ থেকে সব চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছিল না এবং আরও প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন ছিল। তিনি সকলের সহযোগিতা কামনা করেছিলেন।

অভিনেত্রীর মৃত্যুর পর পরিচালক বাবু বণিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, “শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলে শেষকৃত্য হবে।”

শ্রাবণী বণিক ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’, ‘সোহাগ চাঁদ’, ‘আলো’ সহ একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন।