সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং মাহবুব আলী খানের পরিবারের সদস্য ও স্বজনরা।
দোয়া মাহফিলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত ইসলামী আলোচনা সভায় বক্তারা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মজীবন, নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বিশেষ মোনাজাতে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
