বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয় নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের তালিকায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল সোমবার। যে সকল নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাদের অনেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়াকেই বহিষ্কারের কারণ হিসেবে দেখা হয়েছে।

এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পাশাপাশি দলীয় পদ থেকে পদত্যাগের কথাও বলেছিলেন।