ঢাকা-২ আসনে আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, আব্দুল হক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্টে এ তথ্য উল্লেখ রয়েছে। এছাড়াও, তিনি আয়কর রিটার্নের টেন বি ফর্ম জমা দেননি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করেননি এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীদের প্রয়োজনীয় তথ্যও প্রদান করেননি। এসব কারণে তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা করা হয়। তবে তার আপিল করার সুযোগ রয়েছে।

ঢাকা-২ আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আব্দুল হক ছাড়া অপর দুই প্রার্থী হলেন বিএনপির আমানউল্লাহ আমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিএনপির আমানউল্লাহ আমানের সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিকভাবে তার মামলা সংক্রান্ত কাগজপত্রে কিছু ঘাটতি ছিল, যা পরে পূরণ করা হয়েছে। ফলে তার মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইকার্যক্রম ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।